টানা এক মাস ছাত্র-জনতা বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। মাঝখানে কিছু সময় স্থবির হয়ে পড়েছিল দেশের সাংস্কৃতিক অঙ্গন। ইন্টারনেট ব্যবস্থা সচল না থাকায় বন্ধ ছিল ইউটিউবে নতুন নাটকের প্রকাশ। আশার কথা, নতুন বাংলাদেশের প্রথম নাটক হিসেবে এবার অন্তর্জালে উন্মুক্ত হতে যাচ্ছে ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ গল্প। তার চেয়ে বড় কথা নাটকটি নির্মাণ হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে।

নাটকটির নাম ‘অবুঝ পাখি’। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। বানিয়েছেন রুবেল হাসান। ব্যানার সিএমভি। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দুজনের মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এ বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে! এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে নির্মাণ হলো অবুঝ পাখি। এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসানের বয়ান এমন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সে গল্পই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। আশা করছি, দর্শকের প্রাণ ছুঁয়ে যাবে গল্পটি দেখে।’ প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, গতকাল সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে অবুঝ পাখি উন্মুক্ত হয়।