ভারতীয় অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। কিছুদিন আগে আচমকা হার্ট অ্যাটাক হয় তার। এরপর যেতে হয় এনজিওপ্লাস্টির মধ্য দিয়ে। এরপর অবশ্য সুস্থ হয়েছেন তিনি এবং কাজেও ফিরছেন দ্রুত। তবে এ অসুস্থতা শ্রেয়াসের জীবনের অনেক কিছুই পাল্টে দিয়েছে। সম্প্রতি জানালেন, জীবনের নানা বিষয়ের ক্ষেত্রে অগ্রাধিকার বদলেছেন তিনি। কেননা জীবন তাকে একটা নতুন সুযোগ দিয়েছে। যেখানে শেষ হতে পারত জীবন, সেখান থেকে আবার শুরু করেছেন তিনি। এ কারণে নিজের সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়েছেন যে কোন কাজটাকে তিনি এগিয়ে রাখবেন আর কোনটা পরে করবেন। শ্রেয়াস বলেন, ‘আমি ক্যারিয়ারের প্রতি গুরুত্ব দিয়েছিলাম। এত কাজ করার কারণও তা।’ বলিউডের অনেক অভিনেতাই দিনরাত কাজ করেন। তারা কোনো দিকে নজর দেন না। আড়ালে পড়ে থাকে পরিবার। এ নিয়ে শ্রেয়াস বলেন, ‘আমরা বলে থাকি পরিবারের সঙ্গে সময় কাটাতে হয়। কিন্তু বাস্তবে তা হয় না। আমাদের কাজই অগ্রাধিকার পায়। আমরা সাফল্য ও ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকি। অসুস্থতার পর আমি বুঝতে পারি, কাকে প্রাধান্য দেয়া উচিত। আমার অগ্রাধিকার বদলে গেছে।’
সূত্র: ইয়ন










