এসএস রাজামৌলির পর দক্ষিণী তারকা রাম চরণ তামিল পরিচালক শঙ্করের সঙ্গে কাজ করতে চলেছেন। এ সিনেমার নাম আরসি ফিফটিন। বড় বাজেটের এ পলিটিক্যাল ড্রামা প্রযোজনা করছেন দিল রাজু। সিনেমায় রাম চরণ থাকবেন দ্বৈত ভূমিকায়। ২০২৩ সালে সংক্রান্তিতে সিনেমাটি মুক্তি পাবে। তবে সিনেমা মুক্তির অনেক আগেই আরসি ফিফটিন নিয়ে ওটিটি প্লাটফর্ম জি স্টুডিওর সঙ্গে ৩৫০ কোটি রুপির চুক্তি স্বাক্ষর করেছেন দিল রাজু।

মেগা বাজেটের সিনেমাটি নিয়ে এখনো খুব বেশি তথ্য জানাননি নির্মাতারা। তবে সমালোচকদের মতে, সিনেমাটি বেশ ভালোই সাড়া ফেলতে চলেছে। এটি বেশ কয়েকটি ভাষায় ডাবিং করা হবে বলেও শোনা যাচ্ছে। সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলতি বছরের জুনেই আরসি ফিফটিন-এর অধিকাংশ কাজ শেষ হবে। এর পরবর্তী ছয় মাস পোস্ট-প্রডাকশনের কাজ চলবে। এতে কিয়ারা আদভানিকে দেখা যাবে রাম চরণের বিপরীতে।

আরসি ফিফটিন এবং ইন্ডিয়ান টু সিনেমা দুটির কাজ শেষ করার পর রণবীর সিংয়ের সঙ্গে একটি বড় বাজাটের সিনেমা করবেন শঙ্কর। সিনেমাটি তার করা ব্লকবাস্টার অ্যানিয়ান-এর রূপান্তর। সিনেমাটি ২০০৫ সালে সাড়া ফেলেছিল, বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে। শঙ্কর ও রাম চরণের আরসি ফিফটিন ২০২৩ সালের অন্যতম ব্যবসা সফল সিনেমা হবে বলা আশা করছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে বলা হচ্ছে, দীর্ঘদিন পর ভিজুয়াল ইফেক্টস ছাড়া কোনো সিনেমা দেখতে পাবেন দর্শক। এ সিনেমায় মূলত অভিনয় আর কাহিনীর ওপর বেশি জোর দেয়া হয়েছে।

 

সূত্র: হলিউড হাঙ্গামা