মুম্বাইয়ে নতুন ফ্ল্যাট নিয়েছেন সোনাক্ষী সিনহা। এর অবস্থান বান্দ্রার ওরলি সি লিংক এলাকায়। একটি হাইরাইজ অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে তিনি ফ্ল্যাট নিয়েছেন। সেখান থেকে সমুদ্র দেখা যায়। নতুন নেয়া ফ্ল্যাটে আসবাব গোছাচ্ছেন সোনাক্ষী। প্রস্তুতি পর্বের তিনটি ছবি তিনি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। পোস্টে তিনি লিখেছেন, নিজের পায়ে দাঁড়ানোর বিষয়টি বেশ কঠিন।
সোনাক্ষী তার পোস্টটি মজা করেই লিখেছেন। তিনি লিখেছেন, ‘বড় হয়ে ওঠা...কঠিন কাজ! মাথার মধ্যে ঘুরছে গাছের চারা, টব, লাইট, ম্যাট্রেস, প্লেট, কুশন, চেয়ার, টেবিল, কাঁটাচামচ, সিংক, ডাস্টবিন...ওফ! একটা ঘর সাজানো মোটেও কোনো সহজ কাজ না।’ এ লেখার সঙ্গেই তিনি পোস্ট করেছেন তার বসার ঘরের তিনটি ছবি। সেখানে দেখা যাচ্ছে নতুন আসবাব পড়ে আছে। তা এখনো খোলা হয়নি। আরেকটি ছবিতে দেখা যায় সোনাক্ষী একটা কিছু গোছানোর চেষ্টা করছেন।
সোনাক্ষী সিনহা এর আগে তার বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহার সঙ্গেই থাকতেন। জুহুর সে বাড়িটির নাম ছিল রামায়ণ। সোনাক্ষী তার পরিবারের সঙ্গে থাকতেই পছন্দ করতেন। কিন্তু ‘বড় হয়ে ওঠা’র সঙ্গে সঙ্গে অন্যান্য তারকার মতো তারও একটি নিজস্ব ঘরের প্রয়োজন অনুভব করেছিলেন। এরপর তিনি বান্দ্রায় ফোর বিএইচকের ফ্ল্যাটটি কেনেন।
সোনাক্ষী তার ফ্ল্যাট বেশ আগেই নিয়েছিলেন কিন্তু নানা কারণে সেখানে ওঠা হয়নি। কেনার প্রায় দুই বছর পর তিনি নিজের বাড়িতে উঠলেন। শত্রুঘ্ন সিনহার পরিবার মূলত যৌথ বসবাসেই বিশ্বাসী। রামায়ণে তারা একসঙ্গে অনেকদিন ছিলেন। তবে সময়ের দাবি হলো, সফল অভিনেতাদের একটি নিজস্ব বাড়ি থাকবে। বলিউড তারকাদের বেশির ভাগেরই বাড়ি বান্দ্রায়। সে ধারায় তাদের কাতারে যুক্ত হলেন সোনাক্ষী।
নতুন বাড়িতে ওঠার ভালো সময়টি বেছে নিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত সিরিজ দাহাড়। প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিরিজটিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সোনাক্ষী। তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’ পরিচালনা করবেন তার ভাই কুশ এস সিনহা। এছাড়া সঞ্জয় লীলা বানসালির সিরিজ হীরামণ্ডিতে অভিনয় করছেন তিনি। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সঙ্গে ২০২৪ সালে তাকে দেখা যাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস










