বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজনগুলোর অন্যতম ‘ইত্যাদি’। আজ প্রচার হবে একটি বিশেষ পর্ব। মূলত এটি ২০০৯ সালে ধারণ করা পর্ব। পুনঃপ্রচারিত হবে বিটিভিতে। পর্বটি ধারণ করা হয়েছিল বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনে। উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক।

এবারের ইত্যাদির সংকলিত এ পর্বে মূল গান রয়েছে দুটি। বাংলাদেশের পপসংগীতের দুজন কিংবদন্তি শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে লিটন অধিকারী রিন্টুর কথায় রয়েছে একটি দ্বৈত সংগীত। শিশুদের নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন এন্ড্রু কিশোর। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। ছয় ফুট বা তারও বেশি উচ্চতার দীর্ঘকায় মানুষদের নিয়ে পরিবেশবান্ধব একটি সংগঠনের ওপর রয়েছে চমৎকার প্রতিবেদন। যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের শহিদুল ইসলাম ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আরকান্দি গ্রামের শরিফুল শেখের ওপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন। চাঁদপুর জেলার মতলবের ডেংগুরভিটি গ্রামের মো. জসিমউদ্দিন, যিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার টেলিভিশন, চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন এবং সেখানে যথেষ্ট জনপ্রিয়। তাকে নিয়ে রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। এর আগে ‘ইত্যাদি’তে দেখানো প্রত্নতত্ত্ব নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মন্ডলের ওপর রয়েছে ফলোআপ প্রতিবেদন। বিদেশ থেকে বাংলাদেশে ভ্রমণ করতে আসা কয়েকজন ভ্রমণকারীর ওপর রয়েছে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। ঘাস চাষ করেও যে সুন্দরভাবে অঢেল অর্থ উপার্জন করা যায় তার প্রমাণ পাওয়া যাবে ইত্যাদির এবারের সংকলিত পর্বের বিদেশী প্রতিবেদনটিতে। যেটি ধারণ করা হয়েছে হল্যান্ডে।

নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশকিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারো যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে পর্বটি।