দুই বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই ও এসভিএফ ফিল্মস একত্রে দুটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে একটি সিনেমার। জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় নির্মাণ হতে যাচ্ছে ‘দম’। এ সিনেমায় দেখা মিলবে চঞ্চল চৌধুরীর। এছাড়া আরো একটি সিনেমার ঘোষণা আসবে আজ। 

নাটক দিয়েই নির্মাতা হিসেবে দর্শকের ভালোবাসা পান রেদওয়ান রনি। এরপর চোরাবালি ও আইসক্রিম সিনেমা দুটি নির্মাণ করেও প্রশংসা পান। তবে সাত বছর কেটে গেলেও নতুন নির্মাণ নিয়ে হাজির হননি তিনি। তাই প্রশ্ন ছিল কবে রনি পরিচালনায় ফিরবেন। সে প্রশ্নের জবাব দিলেন তিনি ‌দম দিয়ে। সাত বছর সিনেমা নির্মাণ না করলেও ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে গিয়ে নির্মাণের সঙ্গে ঠিকই যুক্ত ছিলেন রনি। তবে এবার সিনেমা নির্মাণে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এ গল্পই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। দম চলচ্চিত্রে এটি বলার চেষ্টা করেছি। সেই সঙ্গে এ কাজের সঙ্গে যুক্ত হয়েছে দুই বাংলার সিনেমার কাণ্ডারি। এসভিএফ, আলফা ও চরকি সবার প্রতি কৃতজ্ঞতা।’

দুই বাংলার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী। অন্যদিকে রেদওয়ান রনির সঙ্গে তার সম্পর্কটা প্রায় ২০ বছরের কাছে। এমনটাই জানান চঞ্চল চৌধুরী। দম সিনেমার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে চঞ্চল বলেন, ‘রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেকদিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম। আলাদা করে বলতেই হবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে একই সঙ্গে চরকি, এসভিএফ, আলফার মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের এ সিনেমার সঙ্গে আছে। সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে।’

কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি। ২৮ বছর ধরে মহেন্দ্র সোনির হাত ধরে মুক্তি পেয়েছে ‘‌রেইনকোট’, ‘‌চোখের বালি’, ‘‌অটোগ্রাফ’, ‘‌২২শে শ্রাবণ’-এর মতো অসংখ্য সিনেমা। এবার এসভিএফ একসঙ্গে কাজ করতে যাচ্ছে চরকি ও আফা আইয়ের সঙ্গে। দুই বাংলায় একই সঙ্গে মুক্তি পাবে দুই সিনেমা, যেখানে দেখা মিলবে জনপ্রিয় সব তারকার। বিষয়টি নিয়ে মহেন্দ্র সোনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হয়ে বাংলাদেশের বিনোদন শিল্পের সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এসভিএফ। আমরা শুধু চলচ্চিত্র নির্মাণ করছি না; বাংলা সিনেমাকে উদযাপন করে এমন একটি সম্প্রদায়, একটি সংস্কৃতিকে আমরা লালন করছি। আমাদের লক্ষ্য বাংলা ভাষার সিনেমাকে আন্তর্জাতিক মানে তৈরি করে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দেয়া।’

দুই বাংলার সিনেমা নির্মাণের নতুন এ উদ্যোগ নিয়ে আলফা-আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আলফা-আই স্টুডিওস সবসময় বাংলাদেশের বিনোদন জগতে অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি অগ্রগামী চিন্তার প্রডাকশন হাউজ, আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে বাঙালি দর্শক ভালো মানের কনটেন্ট দেখতে চায়। আমরা প্রতিবারই সেটা দেয়ার চেষ্টা করেছি। এবার আলফা, এসভিএফ ও চরকি এক হয়েছে বাংলা চলচ্চিত্রের বাজারকে উন্নত করতে এবং বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছতে।’

দম সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয়ের খবর জানা গেলেও আর কাদের দেখা যাবে এ সিনেমায় সেটা এখনো খোলাসা করছেন না নির্মাতা। তবে দুই বাংলার অভিনয়শিল্পীরাই যে থাকবেন সেটি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি।