ঢাকাই সিনেমার পরিচিত মুখ চিত্রনায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরি। ‌‌‘লিপস্টিক’ সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছিলেন তারা। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষও হয়েছে। এরই মধ্যে নতুন সিনেমায় জুটি বেঁধেছেন আদর ও পূজা। সিনেমার নাম ‘দরদিয়া’। এটিও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। 

সিনেমাটি নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আমাদের দরদিয়া সিনেমাটি নাইনটিজের গল্প নিয়ে নির্মাণ হবে। রোমান্টিক ট্রাজেডি থিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। যে গল্পে প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপড়েন দেখতে পাবে দর্শক। সিনেমাটির শুটিং শিগগির শুরু হবে, এর বেশি এখন আর কিছু বলব না। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে।’

রোববার এ সিনেমায় আদর ও পূজা আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আদর আজাদ ও পূজা চেরি জুটির তৃতীয় সিনেমা এটি। প্রথম সিনেমা ‘নাকফুল’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমান সময়ে তারা দুজনই ব্যস্ত সিনেমার শুটিং নিয়ে। দরদিয়া সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে আদর আজাদ বলছেন, ‘গল্পটিতে রোমান্স, থ্রিলার ও ট্রাজেডি হাত ধরাধরি করে চলবে। এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছি, সবক’টি গল্পেই ভিন্নতা ছিল। দরদিয়াও তার ব্যতিক্রম নয়। বরং বলা যায়, এ সিনেমার গল্পের ভিন্নতা একটু বেশিই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নব্বইয়ের দশকের প্রেম ও সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। একই সঙ্গে বিরহ সম্পর্কের টানাপড়েনে ব্যতিক্রমী চিত্রায়ণও রয়েছে। ভালো লাগছে ভালো গল্পের আরো একটি সিনেমায় যুক্ত হতে পেরে। নব্বইয়ের দশক পর্দায় দেখতে মন্দ লাগবে না বলে আমি বিশ্বাস করি।’

রোমান্টিক ধারার সিনেমায়ই বেশি দেখা যায় পূজা চেরিকে। গল্পের ভিন্নতা দেখেই দরদিয়ায় নাম লিখিয়েছেন বলে জানান এ অভিনেত্রী। সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, ‘দরদিয়ার গল্প শোনেই বিনাবাক্যে রাজি হয়েছি। এ সিনেমার গল্প নিয়ে এখনই বলতে চাই না। লিপস্টিকে যেমন গল্পের প্রতি মুগ্ধ হয়ে যুক্ত হয়েছিলাম। দরদিয়ার বেলায়ও একই ঘটনা। বলতে পারেন, গল্পের প্রেমে পড়েই ফের জুটি হয়েছি আমরা। আশা করি, সিনেমাটি ঠিকঠাক নির্মিত হলে দর্শককে আরো একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে পারব।’