গুচি তাদের নতুন পণ্য নিয়ে এসেছে। প্রাণী হত্যা না করা ও নৃশংসতামুক্ত পণ্যের আন্দোলনের সঙ্গে এ পণ্য যুক্ত। তারা ১৯৫৫ সালের হর্সবিট ব্যাগ নতুন করে আনছে। তবে এতে ব্যবহার হচ্ছে দিমেত্রা নামের কৃত্রিম চামড়া। নতুন এ ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন বিলি আইলিশ। এরই মধ্যে ব্যাগসহ বিলির একটি ছবি প্রকাশ করেছে গুচি। জানানো হয়েছে দিমেত্রায় তৈরি ব্যাগটির দাম পড়বে ৩ হাজার ৫০০ ডলার।

গুচির নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর সাবাতো দে সারনো গত মাসে তার নতুন কালেকশন উন্মোচন করেছেন। এটিকে বলা হচ্ছে স্প্রিং ২০২৪ কালেকশন। এখানে তিনি গুচির ঐতিহ্যবাহী কালেকশনের আদলে নতুন পণ্য এনেছেন। বলা চলে পুরনো পণ্যকে করেছেন আধুনিক। সেখানেই এনেছেন ১৯৫৫ সালের হর্সবিট ব্যাগের নতুন সংস্করণটি।

প্রকৃতি ও প্রাণী সংরক্ষণ নিয়ে বিলি অনেকদিন ধরেই সবর। গুচির নতুন পণ্যের ক্যাম্পেইনে তিনি এ কারণেই প্রাসঙ্গিক। এ নিয়ে ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে বিলি বলেন, ‘‌ঐতিহ্য নিয়ে নতুন করে গুচির চিন্তা করার বিষয়টি আমার ভালো লেগেছে। নতুন ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রচলিত ধারা থেকে বেরিয়ে একটি প্রতিষ্ঠানের নতুন করে চিন্তা করার বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ।’

দিমেত্রা নামের এ কৃত্রিম চামড়া গুচি নিজেদের হাউজে তৈরি করেছে। এর ৭৫ শতাংশ উপাদানই আসে উদ্ভিদ থেকে। এর মধ্যে আছে ভিসকোস (রেয়ন), কাঠের মণ্ড ও কর্স বেজড প্লাস্টিক। বাকি ২৫ শতাংশ নেয়া হয় জীবাশ্ম ও জীবাশ্ম জ্বালানি থেকে। পোশাক বা বিলাস পণ্য তৈরিতে প্রকৃতির সন্তানদের হত্যা না করার এ পরিকল্পনা গুচির অনেকদিনের। হর্সবিট ব্যাগের নতুন সংস্করণের পাশাপাশি অন্যান্য পণ্যের ক্ষেত্রেও এ চেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি।

সূত্র ও ছবি: ভোগ