১৭ বছর আগের একটি আলোড়ন তোলা ঘটনা থেকে প্রেরণা নিয়ে ‘চক্র’ তৈরি করেছেন ভিকি জাহেদ। ময়মনসিংহের একটি পরিবারের নয় সদস্য ‘আত্মহত্যা’র কাহিনীনির্ভর সিরিজটি। গত বৃহস্পতিবার বিকালে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সে সিরিজ ‘চক্র’।

দর্শক এ ধারাবাহিক কেন দেখবেন? এমন প্রশ্নে ভিকি গণমাধ্যমকে বলেন, ‘এটা আমার প্রথম ও সম্ভবত শেষ ধারাবাহিক। এছাড়া এটা এমন এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেটা খুবই অদ্ভুত, যা নিয়ে মানুষের স্বাভাবিক কৌতূহল থাকবে। নিজেদের মতো করে গবেষণা করে সেটা আমরা পর্দায় তুলে এনেছি।’

এ সিরিজ নির্মাণে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যেতে হয়েছে নির্মাতাকে। ‘গল্পটার বীজ বপিত হয়েছিল বছর তিনেক আগে। শুটিংও শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এর থেকেই পদে পদে বাধা আসতে থাকে। বাধাগুলোও কেমন যেন—রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পর পরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে টানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রডাকশনের সঙ্গে জড়িত বেশকিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।’—বলেন ভিকি জাহেদ।

ভিকি জানান, শুটিং শুরু করার পর সড়ক দুর্ঘটনায় মারা যান চিত্রগ্রাহক জাহিদ হোসেন। লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানও চলে যান। পরে মারা যান আরো দুজন! অনেক বাধা পেরিয়ে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব ধারাবাহিক ‘চক্র’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। ২০ পর্বের ধারাবাহিকটির প্রথম পাঁচ পর্ব বিনামূল্যেই দেখা যাচ্ছে।