টিভি নাটকের জনপ্রিয় জুটি নিলয়-হিমি। বহু নাটকে তাদের অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। তারা যেমন চলতি ধারার গল্পের নাটকে অভিনয় করেছেন, তেমনি পারিবারিক গল্প, রোমান্টিক গল্পের নাটকেও অভিনয় করেছেন। এ সময়ে এসে নিলয় আলমগীর তার অভিনয় দিয়েই দর্শককে মুগ্ধ করছেন অবিরত। নাটকগুলো ভিউয়ের দিক থেকেও এগিয়ে আছে। আবার নিলয়ের সঙ্গে জুটি হিসেবে হিমিকেও দর্শক দারুণভাবে গ্রহণ করছেন প্রতিটি নাটকে। সে ধারাবাহিকতায় ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে এসেছে ‘চিরকাল তুমি আমার’। ২৯ জুলাই প্রচারে আসা নাটকটি এরই মধ্যে ২৫ লাখ ভিউ পেয়েছে।

মোহন আহমেদের গল্পকে নাটকে রূপ দিয়েছেন ইশতিয়াক আহমেদ। মোহন আহমেদ পরিচালনা করেছেন চিরকাল তুমি আমার। নাটকটি নিয়ে রঙ্গন এন্টারটেইনমেন্টের কর্ণধার জামাল হোসেন বলেন, ‘নিলয় হিমি এ সময়ের জনপ্রিয় জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের প্রবল আগ্রহ রয়েছে। চিরকাল তুমি আমার দিয়ে তা যেন আবারো প্রমাণিত হচ্ছে। চিরকাল তুমি আমার প্রেম বিরহের নাটক। দুজনই যার যার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন।’

নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘মোহন আহমেদের গল্প সবসময়ই সুন্দর। চিরকাল তুমি আমার গল্পটা চমৎকার। যথারীতি আমি আর হিমি চেষ্টা করেছি গল্পের মধ্যে ডুবে যেতে। নাটকটি প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’

হিমি বলেন, ‘এ নাটকের গল্প বলার ধরনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চরিত্রটিও একটু অন্য রকম। যে কারণে কাজটি করতেও ভীষণ ভালো লেগেছে। নিলয় ভাইয়ের সঙ্গে আমার কাজের বা অভিনয়ের রসায়নটা দর্শক ভীষণ উপভোগও করেন। প্রেম-বিরহের এ চিরকাল তুমি আমার দর্শকের মনে গেঁথে রবে এটাই আমার বিশ্বাস। দর্শকের প্রতি সবসময়ই কৃতজ্ঞতা।’

চিরকাল তুমি আমার নাটকের আবহ সংগীতও বেশ প্রশংসা কুঁড়াচ্ছে। এর আবহ সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।