জয়যাত্রা চলছে ‘ওপেনহাইমার’-এর। ৭৭তম বাফটায়ও (ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) সিনেমাটি এগিয়ে আছে। পুরস্কার জিতেছে সাতটি বিভাগে। সিনেমাটি বাফটায় ১৩ বিভাগে মনোনীত হয়েছিল। পুরস্কারের মধ্যে প্রথম সারির বিভাগেই জিতেছে ওপেনহাইমার। এছাড়া টেকনিক্যাল বিভাগেও ওপেনহাইমারই জিতেছে গুরুত্বপূর্ণ দুটি পুরস্কার। এর মধ্যে একটি হলো সিনেমাটোগ্রাফি ও অন্যটি সম্পাদনা।
যথারীতি বাফটায় সেরা সিনেমা হয়েছে ওপেনহাইমার। এছাড়া সেরা পরিচালকের পুরস্কারটিও উঠেছে ক্রিস্টোফার নোলানের হাতে। সেরা অভিনেতা কিলিয়ান মারফি ও সেরা পার্শ্ব অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাফটা জিতলেন ডাউনি জুনিয়র। এ চার বিভাগ ও টেকনিক্যাল বিভাগে সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি ছাড়াও সেরা মৌলিক স্কোরের পুরস্কার জিতেছে নোলানের ওপেনহাইমার।
বাফটায় ওপেনহাইমারের পর এগিয়ে আছে ‘পুওর থিংস’। একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি। এর মধ্যে এমা স্টোন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তার জন্যও এটা নতুন কিছু নয়। সিনেমাটির জন্য এর মধ্যেই তুমুল প্রশংসিত তিনি। অস্কারের জন্যও তার নাম শোনা যাচ্ছে জোরেশোরে। সিনেমাটি আরো চার বিভাগে পুরস্কৃত হয়েছে। এর মধ্যে আছে প্রডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন. মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল। মজার ব্যাপার, সিনেমাটি পুরস্কার পেয়েছে স্পেশাল ভিজুয়াল ইফেক্ট বিভাগে।
বাফটায় কোনো রকম আলোচনা ছিল না মার্টিন স্করসেসি পরিচালিত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ নিয়ে। পুরস্কার কমিটির নীতি অনুসারেই হয়তো তা হয়েছে। তবে ২০২৩ সালের আলোচিত অন্যান্য সিনেমা নানা বিভাগে জায়গা করে নিয়েছে বাফটায়। এর মধ্যে আছে ‘অ্যানাটমি অব ফল’, ‘আমেরিকান ফিকশন’, ‘দ্য হোল্ডওভারস’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ইত্যাদি। দ্য হোল্ডওভারসের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডা’ভিন জয় র্যানডল্ফ। অ্যানাটমি অব ফল ও আমেরিকান ফিকশন পুরস্কার পেয়েছে যথাক্রমে মৌলিক ও রূপান্তরিত চিত্রনাট্যে। কাস্টিংয়ের জন্য পুরস্কার পেয়েছে দ্য হোল্ডওভারস।
বাফটায় অ্যানিমেশন ও নন-ইংলিশ সিনেমার জন্য থাকে আলাদা বিভাগ। এবার অ্যানিমেশনে সেরা হয়েছে হায়াও মিয়াজাকি পরিচালিত সর্বশেষ সিনেমা ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’। এছাড়া নন-ইংলিশ সিনেমার মধ্যে সেরা হয়েছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। এ পুরস্কার তুলে দেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েকদিন আগেই জানানো হয়েছিল তিনি বাফটার মঞ্চে একটি পুরস্কার প্রদান করবেন।
লন্ডনের রয়াল ফেস্টিভ্যাল হলে ভারতীয় বেশেই হাজির হয়েছিলেন দীপিকা। সোনালি শাড়িতে তিনি সবার নজর কাড়েন। পুরস্কার ঘোষণার সময় তিনি বলেন, ‘এ বিভাগে অসাধারণ সব গল্পের সিনেমা মনোনীত হয়েছিল। আমরা এ সিনেমাগুলোর মধ্য দিয়ে পৃথিবীকে কল্পনা করতে পারি।’ মূলত সিনেমার শক্তি সম্পর্কেই দীপিকা এ কথা বলেন। এর পরই তিনি জোন অব ইন্টারেস্টের নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন।
সূত্র: ভ্যারাইটি










