অমিতাভ রেজা নির্মিত কমেডি ঘরানার সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। বহুল প্রতীক্ষিত এ সিরিজ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে হইচইয়ে। সিরিজের মূল ভূমিকায় আছে মোশাররফ করিম। সঙ্গে আছেন এক ঝাঁক অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
মহানগরের ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক মোশাররফ করিম এতদিন হইচইয়ের দর্শকের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে। বোহেমিয়ান ঘোড়ায় ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি হইচইয়ের দর্শকের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক।
এ সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এ সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। হইচইয়ের সঙ্গে আমার সম্পর্কটা তো বহুদিনের, তাই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক বোহেমিয়ান ঘোড়ায় সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’
হইচই অরিজিনাল সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশকিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এ সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে বোহেমিয়া ঘোড়ায়। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শককে ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এ সিরিজে।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুনশিয়ানা দিয়েই নির্মাণ করেছেন সিরিজটি। তিনি বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সে কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে—সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। যারা অভিনয় করেছে, তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর।‘
অপেক্ষা মাত্র আর কিছুদিনের, বোহেমিয়ান ঘোড়া হইচইয়ে আসছে খুব তাড়াতাড়ি।










