কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ। সংঘর্ষে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭ জন। বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। হামলার প্রতিবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি! হয়েছি শোকাহত!’
অভিনেতা প্রশ্ন রাখেন, ‘সমাধানের অন্য
কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা
যেত না? কোটা আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন,
‘যা ঘটে গেল, এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং
সভ্যতা বহির্ভূত।’
রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী শেষে আরো লেখেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’










