বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার অস্কার। প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হয়েছে অস্কার আয়োজন। গত বছরের অন্যতম সফল সিনেমা ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা কিলিয়ান মারফি। সেরা অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জিতেছেন অস্কারও। এ পরিপ্রেক্ষিতেই বলিউড তারকা ইয়ামি গৌতম একটি বার্তার মাধ্যমে মারফিকে অভিনন্দন জানিয়েছেন এবং সেই সঙ্গে বলিউডের পুরস্কার অনুষ্ঠানগুলোকে সাজানো বলেও মন্তব্য করেছেন।

ইয়ামি জানিয়েছেন, বলিউডের বর্তমান সাজানো চলচ্চিত্র"পুরস্কারগুলোয় বিশ্বাস করেন না তিনি। সে জন্যই গত কয়েক বছর অনুষ্ঠানগুলোয় অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন। তবে ইয়ামি মারফির অস্কার জয়ে ভীষণ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যদিও আমি এ সাজানো অনুষ্ঠানে অংশগ্রহণ বন্ধ করে দিয়েছি, তবে আমি একজন অসাধারণ অভিনেতার জন্য সত্যিই আনন্দিত বোধ করছি।’ ইয়ামি মনে করেন, মারফি অনেক বেশি ধৈর্যশীল একজন অভিনেতা। আইরিশ এ অভিনেতা দীর্ঘ ২২ বছর ধরেই কাজ করেছেন বেশকিছু ব্যবসা সফল হলিউড সিনেমা ও সিরিজে। তবে এ বছর অস্কারেই প্রথম সেরা অভিনেতা হিসেবে তিনি পুরস্কার জিতেছেন। ইয়ামি মারফিকে একজন ধৈর্যশীল ও কাজের প্রতি নিষ্ঠাবান অভিনেতা বলেই মনে করেন। 

মারফির জন্য প্রশংসা অব্যাহত রেখে অভিনেত্রী আরো লিখেছেন, ‘সবচেয়ে বড় বৈশ্বিক প্লাটফর্মে আপনাকে সম্মানিত হতে দেখা আমাদের জানান দেয়, শেষ পর্যন্ত আমাদের প্রতিভাই এমন একটি জিনিস যা সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে পারে।’

কিলিয়ান মারফির অস্কার জয় তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে রয়েছে। অভিনেতা ডানকার্ক, ডিস্কো পিগস, দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি ও সিরিজ পিকি ব্লাইন্ডারের মতো চলচ্চিত্রে বেশ কয়েকটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। ওপেনহাইমারের পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে মারফি আগেও বেশকিছু কাজে যুক্ত হয়েছিলেন। ব্যাটম্যান বিগিনস, দ্য ডার্ক নাইট, দ্য ডার্ক নাইট রাইজেস ও ইনসেপশনসহ বেশ কয়েকটি কাজে মারফি ছিলেন। ওপেনহাইমার ‘অস্কার ২০২৪’-এ ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সেরা পার্শ্ব অভিনেতা থেকে শুরু করে সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্রসহ সাতটি বিভাগে জয়লাভ করেছে। 

এদিকে ইয়ামি গৌতমও বেশকিছু সিনেমা দিয়ে আলোচনায় আছেন। এর মধ্যে সর্বশেষ মুক্তি পেয়েছে ‘‌আর্টিকেল ৯৭০’ এবং সিনেমাটি বক্স অফিসে মধ্যম মানের আয় করেছে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস