দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। তাদের একাধিক গান পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা। বিশেষ করে তরুণদের মধ্যে গানগুলো বেশি জনপ্রিয়। যেকোনো কনসার্টে তাদের গান শুনতে মুখিয়ে থাকে তরুণরা। নতুন খবর হলো নয় বছর পর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে অ্যাশেজ। অ্যালবামের নাম ‘অন্তঃসারশূন্য’। অ্যালবামটি প্রকাশ উপলক্ষে আগামীকাল একটি সোলো কনসার্টের আয়োজন করেছে অ্যাশেজ। ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট। একই দিনে অ্যাশেজ ভক্তদের সঙ্গে ৬ ঘণ্টাব্যাপী মিট অ্যান্ড গ্রিটের আয়োজন করা হয়েছে। নতুন অ্যালবাম ও কনসার্ট নিয়ে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘আমাদের অন্তঃসারশূন্য অ্যালবামটা ১০ মার্চ প্রকাশ হতে যাচ্ছে। নয় বছর পর আমরা নতুন অ্যালবামটা আনতে যাচ্ছি। এ উপলক্ষে আমাদের ফ্যানদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সেশন করছি। আমরা আগে কখনই এটা করিনি। এছাড়া আমরা সোলো কনসার্ট করতে যাচ্ছি, যেখানে প্রায় ২০টা গান পারফর্ম করব।’
অ্যাশেজের দ্বিতীয় অ্যালবাম আসতে নয় বছর সময় লেগে গেলেও এর মাঝে তারা নিয়মিত গান প্রকাশ করে গেছে, যেগুলো পেয়েছে শ্রোতাদের ভালোবাসা। শ্রোতাদের ইচ্ছা সত্ত্বেও দ্বিতীয় অ্যালবামের এ লম্বা বিরতির কারণ জানতে চাইলে জুনায়েদ ইভান বলেন, ‘আমরা অ্যালবামের বাইরে অনেক সিঙ্গেল গান রিলিজ দিয়েছি। এর বাইরে অনেক প্রজেক্ট, কনসার্ট ও ইভেন্টে এমনকি আমরা সিনেমায়ও গান করেছি। অ্যালবাম না এলেও আমরা গানের মাঝেই ছিলাম। বলা যায়, এ নয় বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি কনসার্ট করা ব্যান্ডের তালিকায় আমরা ছিলাম। এত বেশি কনসার্টে অংশ নেয়ায় রেকর্ডিংয়ে আলাদা করে সময় দেয়া চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের। এসবের পরও যারা আমাদের গান শোনে, তাদের প্রতি একটা কমিটমেন্ট ছিল, এ কারণেই আমরা অ্যালবামটা শেষ করেছি। তবে হ্যাঁ, এটা আমাদের অনেক দেরি হয়ে গেছে। আরো আগে অ্যালবাম রিলিজ দেয়া উচিত ছিল।’
গত বছর গান নিয়ে নতুন যাত্রা করে অ্যাশেজ। এর মধ্য একটি হচ্ছে প্রথম প্লেব্যাক করা। জয়া আহসান অভিনীত ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস সিনেমার ‘নিরুদ্দেশ’ শিরোনামের গানটির মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রেখেছে তারা। এ গানের মাধ্যমে প্লেব্যাকে যাত্রা করেছে ব্যান্ডটি। নতুন কোনো প্লেব্যাক আসছে কিনা জানতে চাইলে ইভান বলেন, ‘আমরা গত বছরে প্লেব্যাক করার পর আমাদের সঙ্গে অনেক জায়গা থেকেই যোগাযোগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ওটিটি প্লাটফর্ম ও সিনেমাও। আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। সব মিলে গেলে আমরা আরো এ ধরনের কাজ করতে আগ্রহী। তবে এখনো প্লেব্যাকের কাজে হাত দিইনি, এমনকি কারো সঙ্গে কোনো চুক্তিও করিনি।’
অন্যদিকে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম স্পটিফাইয়ে প্রথম বাংলাদেশী হিসেবে আমন্ত্রিত হয়ে দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে যান ইভান। ওই সময় স্পটিফাইয়ের কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইয়ের স্টুডিওতে লাইভ গান করেন ইভান।
স্পটিফাই নিয়ে পরিকল্পনা জানতে চাইলে ইভান বলেন, ‘আমি আনন্দিত যে বাংলাদেশ থেকে প্রথম মিউজিশিয়ান হিসেবে আমি স্পটিফাইয়ে আমন্ত্রিত হয়েছিলাম। এখনো তাদের সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। স্পটিফাইয়ের সঙ্গে সামনে আমরা আরো অনেক কাজ করব। আমরা হয়তো এ বছরের শেষে কিংবা আগামী বছর এ কাজগুলো দেখতে পারব।’
অ্যাশেজের নিয়মিত কার্যক্রম নিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘আমরা দেশে বিভিন্ন রকমের নিয়মিত কাজ করছি। নদী রক্সে গান করছি জলবায়ু ইস্যু নিয়ে। যখন কনসার্টে বিভিন্ন জেলা থেকে শ্রোতা আসেন অনেক বেশি ভালো লাগে। আমরা কনসার্টেই থাকি আসলে। আমরা সরাসরি কনসার্টে শ্রোতাদের যে ভালোবাসা দেখি ওটাই আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।’
বর্তমানে অ্যাশেজের লাইনআপ: জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কি-বোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)। অ্যাশেজের প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ প্রকাশ পায় ২০১৪ সালে।










