ভারতের তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। বাংলাদেশেও অনুরাগীর অভাব নেই তার। ব্যবসাসফল অনেক সিনেমার নায়ক মহেশ বাবু সম্প্রতি হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসে একটি প্লট কিনেছেন। জমিটি কিনতে তিনি খরচ করেছেন ২৬ কোটি রুপি। আয়তনের দিক থেকে প্লটটি ১ হাজার ৪৪২ বর্গগজ।

প্লটটি ইরাম ভিকরান্থ রেড্ডি নামের এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন মহেশ বাবু। ১৭ নভেম্বর জমির রেজিস্ট্রেশন করেন দক্ষিণী সুপারস্টার। রেজিস্ট্রেশনের সময় জমির স্ট্যাম্প ডিউটি হিসেবে ১ দশমিক ৪৩ কোটি রুপি এবং ট্রান্সফার ডিউটির জন্য ৩৯ লাখ রুপি প্রদান করেছেন তিনি।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, তবে এখন পর্যন্ত নিজের কেনা এ নতুন জমি নিয়ে কোনো মন্তব্য করেননি মহেশ বাবু।

জুবিলি হিলস এলাকায় প্লটের আয়তন সাধারণত এক হাজার বর্গগজের ওপরে। এসব প্লটের প্রতি বর্গগজের দাম ১ দশমিক ৫ থেকে ২ লাখ রুপির মধ্যে। এলাকাটিতে নামিদামি সব তারকা বসবাস করেন বলে এখানকার জমির দাম অনেক বেশি। এখানে বসবাস করেন দক্ষিণের দুই তারকা আল্লু অর্জুন ও বিজয় দেবরকোণ্ডা।

বর্তমানে মহেশ বাবু ‘শিবম’ ও ‘সরকারু ভারি পাতা’ সিনেমা দুটোর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। ছবি দুটির মুক্তি পাওয়ার কথা আগামী বছর। মহেশ বাবু দক্ষিণের চলচ্চিত্রের সুপারস্টার হিসেবে পরিচিত। পারিবারিক নাম মহেশ ঘাট্টামানেনি। তিনি ১৯৭৫ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন। অভিনয় প্রতিভা আর নিজস্ব স্টাইলের কারণে অনেকেই তাকে ‘প্রিন্স অব টলিউড’ ডাকেন।

 

সূত্র: বলিউড হাঙ্গামা