ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু হয়ছিল বুধবার। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘শতবর্ষের আলোয় সংগীত’।

গতকাল ছিল এ আয়োজনের সমাপনী দিন। এবারের উৎসবে বাংলা গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী বন্যাকে গুণীজন সম্মাননা দেয়া হয়। এছাড়া পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থীকে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ ও ‘মো. শহিদুল ইসলাম স্মারক বৃত্তি’ প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ আয়োজনে বলেন, ‘নিয়মিতভাবে সংগীতচর্চা ও গবেষণার পাশাপাশি উৎসব আয়োজন ও সমাজের গুণী মানুষকে সম্মাননা প্রদান করে সংগীত বিভাগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে। প্রতিবারই এ উৎসব সংগীতপ্রেমী, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় পরিণত হয়।’

গতকাল উৎসবের শেষ দিনে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সাদী মোহাম্মদ। তিনি সংগীত পরিবেশন করেন। এছাড়া সমবেত শাস্ত্রীয় সংগীত, একক সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়েছে।