শিশুদের বিশেষায়িত টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি পেয়েছে দর্শকপ্রিয়তা। প্রতিনিয়ত নতুন অনুষ্ঠান প্রচারে কাজ করছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলটির পক্ষ থকে জানানো হয়েছে, আজ ২৩তম মৌসুমের অনুষ্ঠান প্রচার শুরু করতে যাচ্ছে তারা। সেখানে কার্টুন ও নাটকসহ ছয়টি নতুন অনুষ্ঠান থাকছে।
মামা ভাগ্নের অদ্ভুত আর মজার কাণ্ড নিয়ে নাটক ‘পিকলু অ্যান্ড পাই’।’ এতে পিকলু ও পাই চরিত্রে দেখা যাবে মীর নওফেল আশরাফি জিসান ও আরিয়ান মোহাম্মাদ দিহানকে। এতে শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে উমাইজা শাহিদা আরিশা। আজ থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এটি।
বাড়তি চমক থাকছে রুনা খানের উপস্থাপনায় গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’। প্রতিটি পর্বে চার সদস্যবিশিষ্ট দুটি পরিবার অংশগ্রহণ করবে। রুনা খান বলেন, ‘কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। আমরা টানা ২২ দিন এফডিসিতে শুটিং করেছি। ৫২ পর্বে মোট ১০৪টি পরিবারের সঙ্গে কাজ হয়েছে আমাদের। এটা আমাকে অন্য রকম এক অভিজ্ঞতা এনে দিয়েছে।’ উপস্থাপনায় প্রথম হলেও শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে আগেই যুক্ত ছিলেন এ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে সিসিমপুরে সুমনা চরিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আগামী ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টায় ও রাত ৯টায় প্রচার হবে এ অনুষ্ঠান।
দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে দুরন্তে থাকছে শিশুদের সঙ্গে গুণীজনদের আড্ডার আসর। শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, রাজনীতিসহ আর্থ-সামাজিক নানা ক্ষেত্রে কৃতী ও বয়ঃজ্যেষ্ঠ ব্যক্তিরাই গুণীজনের অতিথি। গুণীজনদের অভিজ্ঞতার যে ঋদ্ধ ভাণ্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাই তুলে আনা হবে গল্পে-কথায়। এর থেকে শিশুরা পাবে প্রেরণা এবং নানা উপদেশ ও উদ্দীপনা। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৬ টায়।
শিশুদের গল্প বলার অনুষ্ঠান রঙ-বেরঙের গল্প সিজন ৫ আসছে নতুন সব গল্প নিয়ে। বাবুই ও লাইট অব হোপের বিভিন্ন বইয়ের ২৬টি গল্প নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এটি দেখানো হবে আগামী ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়।
নতুন সিজনে দুরন্ত টিভি নিয়ে আসছে কার্টুনবিষয়ক অনুষ্ঠান ‘কার্টুন কার্টুন’। অনুষ্ঠানটিতে দেখা যাবে নানা আকৃতি দিয়ে কার্টুন আঁকা, কার্টুনবিষয়ক বিভিন্ন প্রশ্নের সামাধান ও বিখ্যাত কার্টুনিস্টদের সঙ্গে আড্ডা। কার্টুনবিষয়ক আড্ডায় আছেন আহসান হাবিব, মেহেদি হক, মোর্শেদ মিশুসহ আরো অনেকে। ‘কার্টুন কার্টুন’ প্রচার হবে আগামী ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায়। শিশুদের জন্য এবারের আসরেও থাকছে নতুন কার্টুন ‘সুইট লিটল মন্সটার’। কার্টুনটি আগামী ৫ মে থেকে শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে।










