লম্বা সময় ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী নওরীন হাসান খান জেনি। ছোট পর্দায় দেখা যায় তাকে। নতুন খবর হলো সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’ সিনেমায় অভিনয় করেছেন জেনি। এতে জেনির বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
এখন এর মুক্তির অপেক্ষায় আছেন জেনি। তিনি বলেন, ‘কোনো কোনো পরিচালক আছেন, যারা একদম শিল্পীদের দেখিয়ে দেন, তিনি এটা বা ওটা চাচ্ছেন। সৌদ ভাই এমনই একজন পরিচালক। তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন, তা বলবেন না। তবে তিনি বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন, চরিত্র বিশ্লেষণের মধ্য দিয়ে যে চরিত্রটি এ রকম। তিনি শিল্পীর ওপরই ছেড়ে দেন, দেখেন শিল্পী কী করেন। তারপর যদি শিল্পী তার চিন্তার চেয়েও বেশি কিছু করতে পারেন, সেটা যদি তার ভালো লেগে যায়, তাহলে তিনি আরো খুশি হন। এর আগেও তার স্ক্রিপ্টের নাটকে কাজ করেছি। তবে সিনেমায় আমার অভিষেক ও তার পরিচালনায় এই প্রথম।’
শ্যামা কাব্য সিনেমায় নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে, অন্যদিকে ওসমান চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। সহঅভিনেতা ইন্তেখাব দিনারকে নিয়ে জেনি বলেন, ‘দিনার ভাই সহজাতভাবে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। মূল কথা, সব দিক থেকে তিনি একজন সত্যিকারের শিল্পী।’










