দক্ষিণ ভারতে চলছে ‘‌জেলার’-এর ঝড়। সিনেমাটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। সিনেমাটি দ্রুতই ৩০০ কোটি রুপি আয় করেছে। তবে নেলসনের আগের সিনেমাটি ভালো করেনি। থালাপতি বিজয়ের সঙ্গে তিনি নির্মাণ করেছিলেন ‘‌বিস্ট’। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ডিজাস্টার হওয়ার পাশাপাশি ট্রলের শিকার হয়। কথা উঠেছিল পরবর্তী সিনেমা ‘‌জেলার’ থেকে বাদ পড়ছেন নেলসন। কিন্তু রজনীকান্ত সান পিকচার্স ও নেলসনের সঙ্গে একটি বৈঠকে বসার পর তাকে ফিরিয়ে আনেন। সিনেমাটি ভালো আয় করার পাশাপাশি দর্শকের প্রশংসাও পাচ্ছে। অর্থাৎ দুর্দান্তভাবে ফিরলেন নেলসন। বিস্টের পর সাক্ষাৎকার এড়িয়ে চলছিলেন তিনি। তবে এবার ক্যামেরার সামনে এলেন এবং কথা বললেন বিস্ট-পরবর্তী পরিস্থিতি নিয়ে।

গ্যালাটার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিস্টের ব্যর্থতার পর বিজয়ের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়নি। নেলসন বলেন, ‘‌আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্কই ছিল। সিনেমা মুক্তির পর দর্শকপ্রতিক্রিয়া দেখে বিজয় বলেছিল, ‘‌‘‌দেখো, আমরা একটা সিনেমা বানিয়েছি। যতটা সম্ভব পরিশ্রম দুজনেই করেছি। অনেকে পছন্দ করেছে। আবার অনেকে করেনি। এখানে আমাদের করণীয় কিছু ছিল না। এখন করার উপায়ও নেই। পরের বার আমরা ভিন্ন কিছু করব’’।’

অনেক সময় সিনেমার ব্যর্থতার কারণে নায়কের সঙ্গে পরিচালকের সম্পর্কের অবনতি হয়। বিজয়ের ক্ষেত্রে নেলসনের সঙ্গে সে রকম কিছু হয়নি। নেলসন এ বিষয়ে বলেন, ‘‌আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে আমার প্রতি ক্ষুব্ধ কিনা। বিজয় বলেছিল, ‘‌তোমার ওপর ক্ষোভের কোনো কারণ কেন থাকবে? আর আমাদের বন্ধুত্ব কি একটা সিনেমার জন্য নাকি? বরং এমন একটা কথা বলেই তুমি আমাকে কষ্ট দিলে’’।’

বিজয়ের সঙ্গে সবসময়ই নেলসনের যোগাযোগ ছিল। জেলারের জন্য তাকে শুভকামনাও জানিয়েছিলেন বিজয়। নেলসন বলেন, ‘‌বিজয় আমাকে টেক্সট করে সিনেমার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। আমরা এ রকমই। অন্য যারা নানা রকম কথা ছড়ায়, আমরা সেসবের উত্তর দেয়ার প্রয়োজন মনে করি না।’

রজনীকান্তের সঙ্গেও নেলসনের কাজের অভিজ্ঞতা দারুণ। অবশ্য হওয়ারই কথা। রজনীকান্তের মতো অভিনেতার কাছ থেকে নেলসনের শেখারও আছে অনেক কিছু। নেলসন বলেন, ‘‌তিনি খুবই তীক্ষ্ণ মেধার অভিনেতা। অনেকেই কথাটা জানেন না। তিনি স্থির ও সবকিছু হিসাব-নিকাশ করে করেন। আমিও তার থেকে এখানে অনেক পিছিয়ে আছি। অবশ্য তিনি এক জীবনে অনেক কিছু দেখেছেন। অভিজ্ঞতা অনেক বেশি। ৭২ বছর বয়সে তিনি যে অভিনয় করলেন, আমি থিয়েটারে তা দেখে অবাক হয়ে গেছি। এটা জাদুর মতো একটা ব্যাপার।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস