রাশমিকা মানদানা জানালেন, তারা আরো নাটক করছেন। কিন্তু সেটা কী বিষয়? মূলত ‘পুষ্পা পার্ট টু’ নিয়েই এ কথা বলেছেন তিনি। অভিনেত্রী আরো জানিয়েছেন, এবারের সিনেমা প্রথমটিকে ছাড়িয়ে যাবে। তারা আরো বড় পরিসরে এর গল্প বলতে যাচ্ছেন।
পুষ্পা নিয়ে রাশমিকা বলেন, ‘একটা বিষয় আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করে বলতে পারি, এবারের সিনেমাটা অনেক বড়। আমরা মাত্র অর্ধেকটা কাজই শেষ করেছি। এখনো আরো অনেক পরিকল্পনা চলছে। একটা গানের সিকোয়েন্স এখন শুট করা হচ্ছে। এরপর আমাকে আরেকটা গানের শুটিং করতে হবে।’
এ দুই গান নিয়েও রাশমিকা বলেছেন, খুব বিস্তৃত পরিসরে কাজ করেছে পুষ্পার টিম। একটা গান কত অসাধারণ হতে পারে, তার প্রমাণ এখানে পাওয়া যাবে।
কেবল গল্প বলা, সেট বা অ্যাকশনেই নয়। সিনেমাকে বিস্তারও করবে পুষ্পার টিম। এ নিয়ে রাশমিকা বলেন, ‘পুষ্পার দ্বিতীয় পর্ব নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে। সিনেমাটিকে আমরা ছড়িয়ে দিতে চাই। কেবল ভারতে নয়, এর বাইরেও সিনেমাটি মুক্তি দেয়া হবে। আপাতত পরিকল্পনা আছে, ভারতের পাশাপাশি একই দিনে জাপানেও মুক্তি দেয়া হবে পুষ্পা। এ বিষয়ে কথা চলছে।’
পুষ্পায় অভিনয় করতে গিয়ে কাস্ট ও ক্রুদের সঙ্গে রাশমিকার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাদের সঙ্গেই বেশি সময় পার করা হয়। রাশমিকার ভাষায় পুষ্পার সেট তার সেকেন্ড হোম ও এ সিনেমার সঙ্গে যুক্ত সবাই অনেকটাই তার পরিবারের মতো।
পুষ্পা মূলত কভিডের পর ভারতীয় থিয়েটারে দর্শক ফিরিয়েছিল। প্রায় কোনো রকম প্রত্যাশা ছাড়াই সিনেমাটি আয় করেছিল অনেক। এ নিয়ে তাই দর্শকেরও আগ্রহ এখন তুঙ্গে। প্রথম সিনেমাটিতে অনেক নাটকীয়তা ছিল। দ্বিতীয়টিতে থাকবে কিনা তা নিয়ে রাশমিকা মজা করে বলেন, ‘নাটক তো ঠিকমতো করাই হয়নি। এখনো অনেক নাটক করা বাকি। পুষ্পা এলেই তা দর্শক বুঝতে পারবেন।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










