গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা পরাণ। সেবার ঈদ আমেজ ধরে রেখেছিল সিনেমাটি। কয়েক মাস সিনেমা হল ও সিনেপ্লেক্সে লাইনে দাঁড়িয়ে দর্শক টিকিট কিনেছে পরাণ দেখার জন্য। পরাণে অনন্যা চরিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন মিম। এর কিছুদিন পর অক্টোবরে প্রেক্ষাগৃহে আসে মিমের দামাল। সিনেমাটি নিয়েও দর্শকের আগ্রহ ছিল। অন্যদিকে কিছুদিন পরই ঈদুল ফিতর। এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তি পেলেও থাকছে না বিদ্যা সিনহা মিমের কোনো সিনেমা। এমনকি ঈদের নাটকেও দেখা যাবে না এ অভিনেত্রীকে। তবে তার ভক্তদের জন্য সুখবর হলো ঈদুল আজহায় আসতে চলেছে অভিনেত্রীর একাধিক কনটেন্ট। মিম জানান, ঈদুল আজহায় দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওটিটি প্লাটফর্ম হইচইতে তার ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ স্ট্রিমিং শুরু হবে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এছাড়া কলকাতায়ও সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমাটিতে মিমের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। আগামী ঈদ ও তার পরবর্তী কাজ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আগামী ঈদে আমার তেমন কোনো নতুন কাজ আসছে না। যেহেতু আমি নাটকে অভিনয় করা একেবারেই ছেড়ে দিয়েছি, তাই কোনো নতুন নাটকেও দেখা যাবে না আমাকে। তবে আশা করছি, আগামী কোরবানির ঈদ হবে আমার জন্য বর্ণাঢ্য। কারণ সিনেমা মুক্তি পাবে, আবার ওয়েব সিরিজও প্রচারে আসবে। আর এবারের ঈদে দেশে থাকছি না। সপরিবারে মুম্বাইতে চলে যাচ্ছি। সেখানে ফটোশুট শেষে ঘুরে বেড়াব, কলকাতায়ও ঘুরব। তারপর একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়ে পরদিন ঢাকায় ফিরে আসব।’

আসন্ন ওয়েব সিরিজে নীরা চরিত্রে থাকছেন মিম। তার বিপরীতে রয়েছেন এফএস নাঈম। সম্প্রতি এ সিরিজে মিমের লুক প্রকাশ হয়েছে। অ্যাকশন থ্রিলারধর্মী সিরিজটি নিয়ে বিদ্যা সিনহা বলেন, ‘‌নীরা চরিত্রটিতে অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত। প্রথমবারের মতো হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই খুব এক্সাইটেড। প্রথমে স্ক্রিপ্ট নিয়ে যখন আমার সঙ্গে যোগাযোগ হলো, কয়েকটি পর্ব পড়ার পর নীরা চরিত্রটা আমার ভালো লেগে যায়। আসলে চরিত্রটি সহজ-সরল এক মহিলার, কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার কাছে এ চরিত্রের নিজস্ব যে জটিলতা রয়েছে, তা বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় দর্শকরা এ চরিত্রকে খুব এন্টারটেইনিংভাবে খুঁজে পাবেন সিরিজটিতে।’

মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল রায়হান রাফির ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে এ সিনেমা। দামালে হাসনা চরিত্রে অভিনয় করেছিলেন মিম। তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করেন। একই বছর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘‌আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি দুনিয়ায় তার অভিষেক হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। নাটক, সিনেমা ও মডেলিং সমান তালে করেছেন এ অভিনেত্রী। এছাড়া কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন মিম।