আর কিছুদিন পরই ঈদ। প্রতি বছর ঈদে নির্মাণ করা হয় একগুচ্ছ নাটক। ঈদ সামনে রেখে নির্মাতা ও তারকাদের ব্যস্ততা চলছে। এবার ঈদে নাটকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে ইরফান সাজ্জাদ ও নায়মা আলম মাহাকে। দুজনই ছোট পর্দার পরিচিত মুখ। আওরঙ্গজেবের গল্পে তুহিন হোসেনের পরিচালনায় ‘ক্ষত’ নাটকে দেখা যাবে এ দুই তারকাকে। এরই মাঝে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানালেন ইরফান সাজ্জাদ। নাটকটির গল্প নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘আমাদের গ্রামগঞ্জে এখনো অনেক সহজ-সরল মানুষ আছে। প্রায় সময় ভালো থাকার আসায় তারা দালালের খপ্পরে পরে সব হারায়। বিষয়টি ঘিরেই মূলত ক্ষত নাটকের গল্প। তুহিন হোসেন অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মার্ণের চেষ্টা করেছেন।’
সহঅভিনেত্রী প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘এতে প্রথমবার আমার বিপরীতে অভিনয় করেছে মাহা। অভিনয়ের প্রতি মাহার দারুণ একাগ্রতা আছে। আগামীতে অভিনয়ে আরো ভালো করার সম্ভাবনা আমি তার মাঝে দেখেছি। মাহার জন্য অনেক শুভকামনা। সেই সঙ্গে আগামীতে আরো ভালো কাজ করারও প্রত্যাশা রইল।’
ক্ষত নাটকটি প্রসঙ্গে মাহা বলেন, ‘শুরুতেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই নির্মাতা তুহিন ভাইকে আমাকে জীবনঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দেয়ায়। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এটা আমার জুটি হিসেবে প্রথম কাজ। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে কাজটি করতে বেশ ভালো লেগেছে আমার। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ তুহিন হোসেন জানান, আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এর আগেও তুহিন হোসেনের কয়েকটি নাটকে অভিনয় করেছেন মাহা, যার মধ্য অন্যতম চিরকুমার নাটক। এছাড়া প্রচারের অপেক্ষায় এমন যদি হতো নাটকটি।










