নতুন ব্যান্ড আরোহী। ১৫ জুন এ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ভোর’ প্রকাশ হতে যাচ্ছে। অ্যালবামটি ইউটিউব, স্পটিফাইসহ দেশীয় ও আন্তর্জাতিক সব ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ হবে। থাকছে ১০টি গান। প্রত্যেকটি গানই ব্যান্ডটির নিজস্ব ও মৌলিক গান।
২০২২ সনে আরোহীর যাত্রা হয়েছিল কয়েকজন সংগীতমনা মানুষের মিলিত চিন্তায়। মূলত এটি একটি ফিউশনধর্মী ব্যান্ড, যা হিন্দুস্তানি ও পাশ্চাত্য সংগীতের অনুপ্রেরণায় অনুপ্রাণিত। ব্যান্ডের লাইন আপে থাকছেন মোহাম্মদ শোয়েব (ভোকাল), মো. এনামলু হাসান (ড্রামস), আরেফিন কবির চৌধুরী (বেইজ গিটার), জাহিন রশিদ (গিটার), জাহিন হায়দার (গিটার)।
আরোহী বিশ্বসংগীতের বিভিন্ন ধারা ও বিষয় গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। অ্যালবামের প্রথম গান ভোর। রাগ ভায়রো সকাল বেলার রাগ। অন্ধকার ঘনিয়ে যেমন আলো আসে চারিদিকে প্রকৃতির নানা সৌন্দর্য দৃশ্যমান হয়, তেমনি ব্যান্ডের শুরু সে ভোরের সুর দিয়ে যা রাগ সংগীতের সঙ্গে রক মেলোডির মেলবন্ধন করা হয়েছে।
অ্যালবামে ‘মল্লিকা’ গানটি সমসাময়িক সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছে। সমসাময়িক গীতধারার সঙ্গে রাগ সংগীতের সংমিশ্রণ করা হয়েছে। ‘বর্ষা’ গানে একই সঙ্গে প্রকৃতি ও প্রেমিকের মনের বর্ষার মেলবন্ধন করা হয়েছে।
শুদ্ধ কল্যাণ রাগ আশ্রিত গান ‘ক্ষমা’। এ রাগের সুরে নিবেদন ক্ষমতা আছে। এ গানে রাগ সংগীতের সঙ্গে সফট ফিউশন করা হয়েছে। এ গানের মধ্য দিয়ে অ্যালবামের সমাপ্তি টানা হয়েছে।










