হাসন রাজার গানে আছে—হাসন রাজারে বাউলা কে বানাইল রে? এ প্রশ্ন করেছেন হাসন রাজা নিজেই। কিন্তু গান এমন এক বিষয়, যা দেশ-কালের সীমানা পেরিয়ে যায়। সে কারণেই প্রায় কাছাকাছি লিরিকের গান পাই আমরা বিশ্বের অন্য প্রান্তে। হাসন রাজার মৃত্যুর ১০০ বছর পর বিলি আইলিশের গলায় একটা ভিন্ন প্রত্যয়ে আমরা শুনি ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’?
গানটি গ্রেটা গারউইগ পরিচালিত ‘বারবি’ সিনেমার। আর এ গানের জন্যই বিলি জিতে নিয়েছেন সেরা গানের অস্কার। সঙ্গে আছেন তার ভাই ফিনিয়েস ও’কনেল। এই প্রথম নয়। এর আগেও অস্কার জিতেছেন এ জুটি। অস্কারের পাশাপাশি পেয়েছেন আরো অনেক পুরস্কার। সে কারণেই ভারতীয় গণমাধ্যম ইয়ন বলছে—বিলি আইলিশকে কেন বানানো হয়েছিল? নিশ্চয়ই পুরস্কার জেতার জন্য।
বিলি আইলিশের বয়স বর্তমানে মাত্র ২২ বছর। এর মধ্যেই জিতে নিয়েছেন দুটি অস্কার। মূলত তিনিই কনিষ্ঠতম শিল্পী যিনি এমন সম্মান লাভ করেছেন। এর আগে ১৯৩৮ সালে লুইস রেইনার ছিলেন দুটি অস্কার জয় করা কনিষ্ঠতম শিল্পী। দ্বিতীয় অস্কার জয়ের সময় তার বয়স ছিল ২৮ বছর। বিলি তার চেয়ে ছয় বছরের ছোট। মজার ব্যাপার, দ্বিতীয় কনিষ্ঠতম শিল্পীও বিলির সঙ্গেই অস্কার পেয়েছেন। তিনি আর কেউ নন, বিলিরই ভাই, ২৬ বছর বয়সী ফিনিয়েস।
অস্কারের মঞ্চে উঠে তার বক্তব্যে বিলি বলেন, ‘একাডেমিকে অসংখ্য ধন্যবাদ। আমি কখনো ভাবিনি এমন কিছু আদৌ হতে পারে। আমি এ গান ও সিনেমার কাছেই কৃতজ্ঞ। কেননা গানটি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আর ভালো লাগছে গানটি বহু মানুষকেও প্রভাবিত করেছে সিনেমাটার মতো করে।’
ঠিক দুই বছর আগেই ভাই-বোন উঠেছিলেন অস্কারের মঞ্চে। ২০২১ সালে মুক্তি পায় জেমস বন্ডের সিনেমা নো টাইম টু ডাই। এ সিনেমার টাইটেল ট্র্যাক নো টাইম টু ডাইর কো-রাইটার ছিলেন ফিনিয়েস ও বিলি। তারা এ গানের জন্য সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতেছিলেন। বিলি ও ফিনিয়েস পারফর্মও করেছেন অস্কার মঞ্চে। অন্যান্য মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তাদের পাওয়া গেছে।
সূত্র: ইয়ন










