অ্যাভেঞ্জার্সের সফল সিনেমাগুলোর নির্মাতা রুশো ব্রাদার্স। অ্যান্থনি ও জো রুশো মিলে নির্মাণ করেছিলেন সিনেমাগুলো। মার্ভেলের ইতিহাসে এ সিনেমাগুলোই সবচেয়ে বেশি আয় করেছে। জনপ্রিয়তার দিক থেকেও এগিয়ে আছে। সে কারণেই নতুন করে আবার আলোচনায় এ দুই নির্মাতা। মূলত অ্যাভেঞ্জার্সের নতুন সিনেমা ‘ক্যাং ডাইন্যাস্টি’ তারা পরিচালনা করবেন এমনই বলা হচ্ছে।
মার্ভেল তার নতুন নির্মাতাদের নিয়ে বিপদে আছে। কেননা কোনো সিনেমাই আগের মতো ভালো করতে পারছে না। এ নিয়ে তারা বলছেন না কিছু, কিন্তু প্রতিদিনই নতুন একটি করে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। একের পর এক সিনেমা মার খাচ্ছে তাদের। বক্স অফিসের সেরা সিনেমা ফ্র্যাঞ্চাইজি এখন আগের মতো ব্যবসা পাচ্ছে না। তার মধ্যে এর আগেও কয়েকজন পরিচালক মার্ভেল ছেড়েছেন। তাদের মধ্যে আছেন ডেস্টিন ড্যানিয়েল।
এছাড়া শন লেভিকেও ডাকা হয়েছিল এ সিনেমার জন্য। কিন্তু এ নিয়ে তেমন কোনো আলাপ হয়নি। সিনেমাটি নিয়ে তাই তৈরি হয়েছে নানা সংকট। মার্ভেলের দুরবস্থায় এ সিনেমা আদৌ কতটা ভালো করবে, তা নিয়ে সবাই ভাবছে। লোকিকে নিয়ে নতুন করে মার্ভেল একটি আবেদন তৈরি করেছে, কিন্তু এরই মধ্যে অন্যান্য সিনেমায় তারা পিছিয়ে গেছে।
অ্যান্টনি ও জো রুশোকে নিয়ে সিনেমার কাজ করানোর চিন্তা অনেক দিন ধরেই করছে মার্ভেল। কিন্তু অ্যাভেঞ্জার্সের অভিনেতাদের মতো এ ফ্র্যাঞ্চাইজির পরিচালকরাও ফ্র্যাঞ্চাইজি ছেড়ে স্বতন্ত্র সিনেমা করার চিন্তা করছেন। অ্যান্টনি ও জো রুশো এরই মধ্যে নিজেদের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সেসব মিলে তারা নতুন করে আবার মার্ভেলে ফিরবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
কিন্তু ‘ক্যাপ্টেন আমেরিকা’ থেকে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ পর্যন্ত যে সিনেমাটিক জার্নি তারা উপহার দিয়েছেন, তা নিয়ে বেশ আগ্রহী দর্শক। তাই অ্যান্টনি ও জো রুশো এ নিয়ে ভাবতেও পারেন এমন ধারণা অনেকের। ভ্যরাইটি জানাচ্ছে এ নিয়ে তাদের সঙ্গে মার্ভেল সরাসরি এখনো কোনো কথা বলেনি। তবে সিনেমাটি নিয়ে প্রাথমিক কথাবার্তা চলছে।
সূত্র: ভ্যারাইটি










