শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাফিজা শারমিন সুমী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার কণ্ঠে দুটি রবীন্দ্রসংগীত প্রকাশ হয়েছে। ‘মিউজিক আলফা’ থেকে প্রকাশিত দলীয় সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে’ গানে অনেকের সঙ্গে সুমী শারমিনও রয়েছেন। তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তিনি এককভাবে একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন। গানটি হলো ‘আমার মন মানে না’। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শান শায়েক। এটি প্রকাশ হয়েছে ‘সুমী শারমিন’ ইউটিউব চ্যানেলে। ‘মিউজিক আর্ট টিম’ সুমীর গাওয়া এ রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিও নির্মাণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গানটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে সুমী শারমিন বলেন, ‘আমার মন মানে না—আমার ভীষণ ভীষণ প্রিয় একটি রবীন্দ্রসংগীত। এপার বাংলা ওপার বাংলার অনেক শ্রদ্ধেয় শিল্পীই রবীন্দ্রনাথের এ গান গেয়েছেন। অনেকেই খুব ভালো গেয়েছেন। যারা খুব ভালো গেয়েছেন, তাদের কণ্ঠেই এ গান বেশি শুনি। একটা সময় এসে মনে হলো যে আমিও একটু চেষ্টা করে দেখি কেমন হয়। জানি না কেমন গেয়েছি। তো এ গানের প্রতিটি লাইনই আসলে আমাকে সবসময়ই ভীষণ আবেগী করে তোলে। যেমন ‘‘সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি.’’ এমন কথার কী যে গভীরতা, কতটা যে আবেগী করে তোলে রবীন্দ্রনাথের এ শব্দগুলো, তা ভাষায় প্রকাশের নয়’।