অভিনেত্রী তানজিন তিশার কলকাতার সিনেমায় অভিষেকের খবরটা কয়েক মাস আগেই বেশ আলোচনায় ছিল। তিনি অভিনয় করতে যাচ্ছিলেন ‘ভালোবাসার মরশুম’ নামে একটি সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন ‘থ্রি ইডিয়টস’-খ্যাত অভিনেতা শারমান যোশি।
সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এমএন রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ নির্মাণ করেছিলেন। এতে অভিনেতা খায়রুল বাসারও অভিনয়ের কথা ছিল। তবে কিছুদিন আগে তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সিনেমাটিতে আর থাকছেন না।
গত মে মাসের শেষে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শারমান যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা, কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের পরপরই শুটিং শুরু হলেও কোথাও দেখা যায়নি তাকে।
নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, তিশা ভিসা জটিলতায় পড়েছিলেন। সে কারণেই তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি। এখনো নিশ্চিত নয়, তিনি পরবর্তী সময়ে যুক্ত হতে পারবেন কিনা। তবে প্রযোজনা টিম এখন আর তার ফেরার আশা রাখছে না।
তিশা না থাকায় শারমান যোশির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, পুরো বিষয়টি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়—দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সামনে আসব।’
‘ভালোবাসার মরশুম’ অনিশ্চিত হয়ে গেলেও তানজিন তিশা এখন নতুন পথচলায় ব্যস্ত। তিনি যুক্ত হয়েছেন দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘সোলজার’-এ। সব ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় তার অভিষেক হবে। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ, যার এটি প্রথম পরিচালনা। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই তিশা এতে অংশ নেবেন। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।










