এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন নন্দিত তিন কণ্ঠশিল্পী পিলু খান, বাপ্পা মজুমদার ও এলিটা করিম। রিদম প্লাগড নামে সংগীতসন্ধ্যায় তারা শোনাবেন শ্রোতাপ্রিয় বেশকিছু গান। ১৮ অক্টোবর রাজধানীর ১৩৮ ইস্ট রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়েছে। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত কয়েকটি আয়োজনে পারফর্ম করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন পিলু খান ও এলিটা করিম। এবারের আয়োজনে এ দুই শিল্পীর সঙ্গে অংশ নিচ্ছেন বাপ্পা মজুমদার। আয়োজকরা জানান, রিদম প্লাগডের সংগীতায়োজনে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রকে প্রাধান্য দেয়া হয়েছে। সংগীতসন্ধ্যার গানগুলো আরো মেলোডিনির্ভর ও শ্রুতিমধুর করে তুলতেই এ পরিকল্পনা। সব মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকশ্রোতার মনে ভালো লাগার পরশ বুলিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এদিকে স্টেজ শোর পাশাপাশি নতুন গানের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন রিদম প্লাগডে পারফর্ম করতে যাওয়া শিল্পীরা। সম্প্রতি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন নতুন একক গান ‘শহরের চোখ’। আতিউর রহমানের লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজেই। গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে দর্শকশ্রোতার জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে পিলু খান ব্যস্ত স্টুডিও আয়োজন নিয়ে । যেখানে থাকছে তার সুরে গাওয়া বিভিন্ন শিল্পীর গান । সম্প্রতি এ স্টুডিও আয়োজনের প্রথম গানটি রেকর্ড করা হয়েছে এলিটা করিমের কণ্ঠে। শিরোনাম ‘ভালোবাসি হাসির বন্যা’। এর কথা লিখেছেন আশি ও নব্বইয়ের দশকের আলোচিত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক দেবাশীষ সোম। শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানান এলিটা করিম।










