অভিষেক সিনেমা নিয়ে আলোচনায় আছেন সুহানা খান। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ফার্স্ট লুক ও টিজার। এছাড়া ব্রাজিলে অনুষ্ঠিত নেটফ্লিক্সের তুডুমে ‘‌দি আর্চিজ’ নিয়ে প্রচারণা করেছেন এর নির্মাতারা। স্টার কিডদের নিয়ে সিনেমার কাস্ট সাজালেও নির্মাতা জয়া আখতার মনে করেন, তিনি তার কাজ দিয়ে দর্শকদের মন জয় করতে পারবেন। ষাটের দশকের প্রেক্ষাপটে নির্মিত এ টিনএজ ড্রামায় ভেরোনিকা লজ চরিত্রে অভিনয় করেছেন সুহানা। অভিষেক নিয়ে ব্যস্ত থাকলেও এর বাইরে আয়ের আর নানা উৎস তৈরি করছেন শাহরুখকন্যা। সে পরিকল্পনার অংশ হিসেবেই আলিবাগে ফার্মল্যান্ড কিনেছেন তিনি। খরচ করেছেন প্রায় ১৩ কোটি রুপি। আর এ জমি কিনে নিজেকে ‘‌কৃষিবিদ’ বলছেন সুহানা।

মহারাষ্ট্রের একটি দ্বীপ অঞ্চল আলিবাগ। সেখানেই শহর থেকে দূরে একটি গ্রামে কৃষিজমি কিনেছেন সুহানা। জমির দাম পড়েছে সর্ব মোট ১২ কোটি ৯১ লাখ রুপি। এ জমি কেনার সময় রেজিস্ট্রেশন পেপারে নিজেকে ‘‌এগ্রিকালচারিস্ট’ বলে পরিচয় দিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস অনুসারে, সুহানা দেড় একর জমি কিনেছেন। এতে প্রায় ২ হাজার ২১৮ বর্গফুটের অবকাঠামো রয়েছে। জমির জন্য স্ট্যাম্প ডিউটি পড়েছে ৭৭ লাখ ৪৬ হাজার রুপি। এটি কেনার পর সুহানা এর নাম দিয়েছেন ‘‌দেজা ভু ফার্ম প্রাইভেট লিমিটেড’। এর পরিচালক হিসেবে থাকছেন গৌরি খানের মা সবিতা ছিব্বার ও তার বোন নমিতা ছিব্বার।

আলিবাগে জমি কেনার পেছনে সুহানার আরো কিছু কারণ আছে। এ জায়গায়ই শাহরুখ খানের জমি কেনা আছে। সেখানে আছে সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি। তিনি মাঝে মাঝেই সেখানে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি দিয়ে থাকেন। তার ৫২তম জন্মদিনে একটি বড় পার্টি দিয়েছিলেন আলিবাগের বাংলোয়। এতে একটি বড় সুইমিং পুল ও একটি হেলিপ্যাড রয়েছে। আলিবাগের মূল শহর থেকে ১২ মিনিট গাড়ি চালিয়ে সুহানার এ প্লটে যাওয়া যায়।

জয় আখতারের দি আর্চিজে অভিনয় করছেন সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দ, বেদাঙ্গ রায়না, মিহির আহুজা প্রমুখ। এ সিনেমার মধ্য দিয়েই তাদের অভিষেক হচ্ছে। তবে সিনেমায় অভিষেক হওয়ার আগেই বহু ব্র্যান্ডের পণ্যদূত হয়েছিলেন সুহানা।

সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস