এর মধ্যে রাজধানী বনানী সেতু ভবন এলাকায় ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজন করে এবং সিলেট, কক্সবাজার ও ফরিদপুরে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

রাজধানী: বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাগর মিয়া (৩৫) ও মুসলিম উদ্দিন (৭৪)।তারা দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে শ্রমিকের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) একেএম মইনুদ্দিন। তিনি জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সিলেট: জেলার দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার সময় জুনেলের সঙ্গে থাকা তার ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু লাবিব বাকরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজিজুর রহমান জুনেল মহানগর তাঁতি দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জিন্দাবাজার কাজী ম্যানশনের ম্যানেজার।

জুনেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে গতকাল দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পুলিশ জানায়, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। তিনি জানান, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি নেয়া হয়েছে।

কক্সবাজার: জেলার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ট্রাকের ধাক্কায় গতকাল আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। গতকাল উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নূরে আলমের ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়া হয়েছে।

ফরিদপুর: জেলার ভাঙ্গায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হামিম সরদার (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া মহল্লার হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা কেএম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হামিম মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা বাজার থেকে মালিগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বামনকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।