বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের তার রিমান্ড মঞ্জুর করেন।

জিয়াউল আহসানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে জিয়াউল আহসানের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জিয়াউল আহসানকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এর আগে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুজনেরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ।