রাজধানীর বনানীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে। তিনি বনানী থানা যুবদলের আহ্বায়ক। এ ঘটনায় বুধবার তার বিরুদ্ধে থানায় মামলা করে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি। পরে গতকাল অভিযোগ পর্যালোচনা করে মনির হোসেনকে যুবদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

মনির হোসেনের বিরুদ্ধে মামলার তথ্যটি নিশ্চিত করেন বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক সুব্রত। তিনি বণিক বার্তাকে বলেন, ‘হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাংচুরের অভিযোগে মনির হোসেনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বণিক বার্তাকে বলেন, ‘বনানীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মধ্য দিয়ে মনির হোসেন ন্যক্কারজনক কাজ করেছে। সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে জানানো হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পুলিশ উপপরিদর্শক মো. ইয়াদুল বণিক বার্তাকে বলেন, ‘হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাংচুরের অভিযোগে করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’

এর আগেও মনির হোসেনের বিরুদ্ধে বনানী এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। গত ২০ জানুয়ারি চাঁদা না দেয়ায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন ও ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তারের নেতৃত্বে মহাখালীর ঐতিহ্যবাহী জল খাবার রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে।