যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। এ ফ্যাসিবাদ পুরনো হোক বা নতুন—আমরা আপসহীন।’
গতকাল সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। পরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আরেকটি পথসভায়ও অংশ নেন জামায়াত আমির।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে। সেই রক্তের মূল্য আমরা দিতে চাই, কিন্তু জাতিকে যেন আর আত্মত্যাগ করতে না হয়, এটাই আমাদের লক্ষ্য। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সংকট আরো ঘনীভূত হবে।’
তিনি বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’
সম্প্রতি রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম ও লুটপাটের সমালোচনা করে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট দলগুলোকে বলছি, সাবধান হোন। নিজেদের আচরণ ঠিক করুন, না হলে জনগণই আপনাদের জবাব দেবে।’
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। ১৪, ১৮ ও ২৪-এর মতো ভোট ডাকাতির নির্বাচন আর চলতে দেয়া যাবে না। রক্ত দিয়ে পরিবর্তন এনেছি, প্রয়োজনে আবার রক্ত দিয়ে তা রক্ষা করব।’
পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।
এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাছুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. শাজাহান, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, বরুড়া আসনের প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলালসহ আরো অনেকে।










