জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিম্ন আদালতের মোট ৮১ জন বিচারককে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একজন ছাড়া বদলি হওয়া বিচারকদের ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

জেলা ও দায়রা জজ হিসেবে চট্টগ্রামে বদলি করা ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে ১ সেপ্টেম্বর দায়িত্ব হস্তান্তরের পর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।