জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গতকাল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোখলেসুর রহমানের নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে। আর মেজবাহ উদ্দিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোখলেসুর রহমান এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়।










