চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। হামলায় গুরুতর আহতরা হলেন- বেসরকারি এখন টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজ।
আজ রোববার (৫ অক্টোবর) সকালে চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত এখন টিভির ক্যামেরাম্যান মো. পারভেজ জানান, জঙ্গল ছলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০-৬০ জন লোক হামলা করে। অস্ত্র ও গাছের টুকরো দিয়ে আঘাত করা হয়। সেইসঙ্গে সাংবাদিকদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের পাশাপাশি ক্যামেরাও ভেঙে ফেলেছে। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়েছে। পারভেজ নামের আরেক সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
গতকাল শনিবার (৪ অক্টোবর) ভোররাতে আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হয়েছে। সে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এ দুই সাংবাদিক।










