বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটির (জিইএফ) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আজ শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের উৎসগুলো সঠিকভাবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ নেয়া গেলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। তিনি টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি প্রকৃতিভিত্তিক সমাধান ও বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জিইএফের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারত্ব আরো জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সম্মেলনে ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।










