গত অর্থবছরের ১২ মাসে (জুলাই-জুন) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬৭ দশমিক ৮৫ শতাংশ। এর আগের অর্থবছরে (২০২৩-২৪) এ বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ। গত কয়েকবছরের তুলনায় পিছিয়ে রয়েছে শেষ অর্থবছরের বাস্তবায়ন হার। শেষ এক মাসে ৫ গুণ বাস্তবায়ন হার দেখিয়েও ১৫ শতাংশের বেশি বাস্তবায়ন করতে পারেনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বার্ষিক অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার (২৩ জুলাই) ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তথ্য প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের আরএডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। এর মধ্যে গত ১২ মাসে ৫৭ মন্ত্রণালয় ও বিভাগ ১ হাজার ৪৬৮টি প্রকল্পে ব্যয় করতে পেরেছে ১ লাখ ৫৩ হাজার ৪৫০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এ সময়ে ব্যয় করা হয় ২ লাখ ৫ হাজার ১১৮ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৮০ দশমিক ৬৩ শতাংশ।

গত পাঁচ অর্থবছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে ২ লাখ ১ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয় করা হয়। যা মোট বরাদ্দের ৮৫ দশমিক ১৭ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ব্যয় হয় ২ লাখ শূন্য ৩ হাজার ৬৪৮ কোটি টাকা। যা ছিল মোট বরাদ্দের ৯২ দশমিক ৭৪ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থছরে ব্যয় করা হয় মোট বরাদ্দের ৮২ দশমিক ১১ শতাংশ বা ১ লাখ ৭১ হাজার ৮৩৫ কোটি টাকা।

গত কয়েকবছরের মতো এবারো এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। এসব মন্ত্রণালয় ও বিভাগ ৯০ শতাংশের ওপর বাস্তবায়ন করেছে।

এছাড়া বরাবরের মতো পিছিয়ে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। গত ১২ মাসে বিভাগটি ১৫টি প্রকল্পের বিপরীতে খরচ করেছে ৩৫০ কোটি টাকা। এসব প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ২৮৩ কোটি টাকা। ব্যয় হয়েছে মোট বরাদ্দের মাত্র ১৫ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগ ২১ দশমিক ৭৪ শতাংশ, নির্বাচন কমিশন সচিবালয় ৩২ দশমিক শূন্য ২ শতাংশ ও জননিরাপত্তা বিভাগ ৩৯ দশমিক ৫৫ শতাংশ ব্যয় করেছে।