দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিদেশী বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করতে কিছু ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। মঙ্গলবার (২৭ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নিজ দফতরে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারাহ কুক জানান, বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হলে বিদেশী বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নত করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার।

এ সময় অর্থ উপদেষ্টা জানান, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। এরই মধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ খাতের সংস্কার করতে আগে পুঁজিবাজার, ব্যাংকিংসহ আর্থিক খাত সংস্কার করা হবে বলে জানান তিনি।