সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যাদুর্গত অসহায় মানুষের সাহায্যার্থে সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে ১৫ লাখ টাকার অনুদান হস্তান্তর করেন। অনুদানকৃত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হবে। এছাড়া সব সেনানিবাসে বিদ্যমান সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় স্ব-প্রণোদিত হয়ে প্রদত্ত ত্রাণসামগ্রী, নগদ অর্থ, জামাকাপড়, রেশন, ওষুধ, শুকনা খাবার লেডিস ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে হস্তান্তর করেছে।
এ সময় সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সর্বস্তরের জনসাধারণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীরাসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর










