গতকাল বিভিন্ন সময়ে নোয়াখালী, মিরসরাই ও নরসিংদীতে এ দুর্ঘটনাগুলো ঘটেছে।
নোয়াখালী: নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ২ জন নিহত হন। নিহতরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ট্রাকচালক মো. ফয়সাল (৩৫) ও নার্সারি ব্যবসায়ী আল আমিন (৫৫)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মণ্ডল জানান, নার্সারি ব্যবসায়ী আল আমিন ট্রাকে করে চারা নিয়ে মাইজদী যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৩৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিরুল ইসলাম উপজেলার রহমতাবাদ এলাকার হাফেজ আবু জাফর ফারুকীর ছেলে এবং স্থানীয় ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার প্রধান ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, মোটরসাইকেলে মিরসরাই সদরে যাওয়ার পথে অজ্ঞাত একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী: নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো বাসচাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাস হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আজিজুরকে চাপা দেয়।
ইটাখোলা হাইওয়ে থানার এসআই নাজিম উদ্দিন জানান, চালকরা পালিয়ে গেলেও যানবাহন দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।










