বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি মানেই ‘সোলার’-এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দেশে জমির স্বল্পতা রয়েছে। এজন্য ভাসমান সোলার সিস্টেমের দিকে এগোনো যায় কিনা এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি খুঁজে বের করে টেকসই সোলার সেল গঠন করতে হবে। চা বাগানে সোলার সিস্টেম করা যায় কিনা সেটা খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, ‘একই সঙ্গে সোলার-এর ক্যাপাসিটিকে আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’ এ সময় তিনি বলেন, জ্বালানি খাতে অনেক বদনাম আছে সবাইকে নিয়ে এ বদনাম ঘুচিয়ে সামনে এগোতে হবে।

ফাওজুল কবির খান বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

বিএসআরইএ নেতারা এ সময় তাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা সমস্যাগুলো সমাধানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা দেন। মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিএসআরইএ প্রেসিডেন্ট মো. নুরুল আকতার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদসহ সংগঠনের নেতা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।