ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
হাতে আটকের পর গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। ২০১০ সাল
থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্ত করা
ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে ৫ সদস্যের এ কমিশন। কমিশনের চেয়ারম্যান
করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ৫ সদস্যের এ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে
মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতি মো.
ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা
ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
কমিশনকে ৪৫ দিনের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করতে
বলা হয়েছে।










