দেশে বর্তমানে বন্যাপ্লাবিত জেলার সংখ্যা ১১টি। পানিবন্দি অবস্থায় রয়েছে ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার। বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে ২৭ জনের, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) এসব তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যা সম্পর্কিত সবশেষ তথ্যে বলা হয়েছে, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি—ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার)।

৭৪টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভার সংখ্যা ৫৪১টি।

মৃত ২৭ জনের মধ্যে কুমিল্লায় ১০, ফেনীতে ১, চট্টগ্রামে ৫, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৫, ব্রাহ্মণবাড়ীয়ায় ১, লক্ষীপুরে ১ ও কক্সবাজারের ৩ জন।

এছাড়া, মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছেন।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় দেয়ার জন্য মোট ৩ হাজার ৮৮৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৫ লাখ ৯ হাজার ৭২৮ জন মানুষ এবং ৩৪ হাজার ৪২১টি গবাদি পশুকে রাখা হয়েছে।

এছাড়া, ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬২০টি মেডিকেল টিম চালু রয়েছে।