রাজারবাগের
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয়
পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালে সার্জারি
বিভাগে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের
সঙ্গে কথা বলেন এবং
তাদের খোঁজ খবর নেন।
এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের কর্তৃপক্ষ ও ডাক্তারদের সঙ্গে
চিকিৎসাসেবা নিয়েও কথা বলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমরা এখানে আসলাম এবং দেখলাম, পুলিশের অনেক আহত সদস্য চিকিৎসাধীন আছেন। অনেকে পায়ে আঘাত পেয়েছেন। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে এবং আমি যতটুকু তাদের কাছ থেকে শুনেছি, তাদের ভালোমতো চিকিৎসা চলছে।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত একজন ছাত্র সমন্বয়ক ভর্তি আছেন, তারও এখানে চিকিৎসা চলছে। সরকার থেকে বলা হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। এ পর্যন্ত দেখা যাচ্ছে এক হাজারের এর ওপর নিহত হয়েছেন এবং ৪০০ এর বেশি ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুচোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, আমেরিকার ‘সেবা’ নামক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছে। তারা বলেছে, যত শীঘ্রই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে।
স্বাস্থ্য
উপদেষ্টা আরো বলেন, অনেকে
পায়ে আঘাত পেয়েছেন, অনেকের
পা কেটে ফেলতে হয়েছে।
আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে
কথা বলছি, বিশ্বব্যাংকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। যাতে
সুচিকিৎসার জন্য বিদেশ থেকে
ডাক্তারদের টিম নিয়ে আসা
যায়। সেটা নিয়ে আমরা
চেষ্টা করে যাচ্ছি।
পরিদর্শনকালে হাসপাতাল পরিচালক ডিআইজি শেখ মো. রেজাউল হায়দারসহ হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।










