নিহতদের মধ্যে সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ছয়, ময়মনসিংহের মুক্তাগাছায় চারজন, টাঙ্গাইলে দুই, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জ একজন করে। এসব ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
সিলেট: সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, সোমবার বিকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত আরো তিনজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মারা গেছেন। এছাড়া দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ: জেলার মুক্তাগাছায় ময়মনসিংহ জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। গতকাল ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) ও তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১) এবং ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের মাঝিপাড়া এলাকার তুহুন চন্দ্র দাসের ছেলে তুষার চন্দ্র দাস (১৮)। আহত অন্য যাত্রী তামান্নাকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর: দুপুরে নাটোরের লালপুর উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম (১৮) লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম ও রুনিফা বেগম দম্পতির ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় এনেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ধরমন্ডল গ্রামের রফিকুল ইসলাম ছেলে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
টাঙ্গাইল: জেলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ শরিফ বলেন, ‘মহাসড়কের যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপর একটি পিকআপকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’










