স্ট্রাইকার মিরাজুল ইসলামের জোড়া গোলে বয়সভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা।

টুর্নামেন্টের ফাইনালে গতকাল বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক নেপালকে। এই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশ। ২০২২ সালে টুর্নামেন্টের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের যুবারা।

এবারের আসরে গ্রুপ পর্বে নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে হারের দুঃস্মৃতি নিয়েই ফাইনালের মঞ্চে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে নেপাল। ৮ মিনিটে বক্সের কাছাকাছি থেকে নেপালের নিরাজন ধামীর দূরপাল্লার শট লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক মোহাম্মদ আসিফ।

প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বাংলাদেশকে প্রথম গোলের স্বাদ দেন মিরাজুল। নেপালের সীমানায় বক্সের কাছাকাছি থেকে নিখুঁত ফ্রি-কিকে বল জালে জড়ান মিরাজুল। ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।