চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে লাগা আগুনে আট শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, ফারুক, মো. দুলাল হোসেন ও হানিফ আলী। আহতদের মধ্যে ২ জনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং ৫ জনের কমবেশি ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, আহতদের মধ্যে তিনজনকে সাগরিকা গ্রিন হাসপাতালে এবং পাঁচজনকে নগরীর মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।