বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ সদর দপ্তরে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করলে এ আশা প্রকাশ করেন আইজিপি।
এ সময় পুলিশ
সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ
জানান আইজিপি। একই সঙ্গে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি
লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট
ও জনশৃঙ্খলা রক্ষায় যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
করা হয়।
মার্কিন
প্রতিনিধিদলও বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি
দিয়েছে।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে, এফবিআইয়ের রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মো. আমিনুল ইসলাম, আইসিআইটিএপির ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।










